দেশে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
তিনি ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।
উদ্ধার কার্যক্রমে সমন্বয় বাড়ানোর নির্দেশ
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় গুরুত্ব
সভায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভূমিকম্প-সহনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা, উদ্ধারকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পবিষয়ক সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

