বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য জাপানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাই।
বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
পোশাকশিল্পে নতুন বিনিয়োগের আহ্বান
বৈঠকে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া পোশাক উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন পণ্য উদ্ভাবন, দক্ষ কর্মী তৈরি এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
বিনিয়োগে সহযোগিতা করবে সরকার
বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন গ্রহণ এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকারের সহযোগিতার কথা জানান তিনি।
বৈঠকে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়।
বাংলাদেশ-জাপান বাণিজ্য সম্পর্ক জোরদারে আলোচনা
বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। এই চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের পক্ষে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই বৈঠকে অংশ নেন।

