বিনোদন প্রতিবেদক

প্রায় ৯ বছর ধরে আটকে থাকা শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজ আবারও শুরু হতে যাচ্ছে। নানা জটিলতার কারণে দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর ছবিটি শেষ করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স প্রোডাকশন হাউস।

২০১৬ সালের ডিসেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’-এর টিজার প্রকাশের পর শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এরপর সিনেমাটির মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে প্রযোজকদের অভ্যন্তরীণ নানা জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ছবিটির আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী বছর ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিং ফের শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শাকিব খানকে ২৫ দিনের শিডিউল দেওয়ার জন্য প্রাথমিকভাবে বলা হয়েছে। পুরো শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে।

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। এ সপ্তাহেই তাঁর দেশে ফেরার কথা। দেশে ফিরে প্রযোজক জানে আলমের সঙ্গে আলোচনার পর শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে।

শাকিব খানও সিনেমাটি শেষ করতে আগ্রহী। প্রথম আলোকে তিনি বলেন, দর্শকদের আগ্রহের সিনেমাটি শেষ করতে তিনিও চান। দেশে ফেরার পর বাকি আলোচনা করে পুরো শিডিউল ঠিক করা হবে।

সিনেমাটির আগের শুটিংয়ের কিছু ফুটেজও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। তবে গল্পে কিছু পরিবর্তন ও নতুন অংশ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকাতেও পরিবর্তন আসতে পারে।

প্রথমে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন শিবা আলী খান। নতুন পরিকল্পনায় তাঁর পাশাপাশি বিদেশি একজন নায়িকাকেও যুক্ত করার কথা রয়েছে। সিনেমাটিতে মিশা সওদাগর, তাসকিন রহমান, টাইগার রবি ও কাবিলার অভিনয় করার কথা রয়েছে।

আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রথম ধাপের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। ওই শুটিংয়ের পর প্রকাশিত টিজারেই শাকিবের ভিন্ন লুক ও অ্যাকশন দৃশ্য প্রশংসা কুড়িয়েছিল।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, সব কাজ শেষ হলে আগামী বছরের ডিসেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’ মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version