‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির আওতায় থাকছে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে ২০২৬ সালে দিবসটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ থাকছে না। কারণ, শনিবার সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন।

অন্যদিকে, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার নিয়মিত কর্মদিবস, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা ঘোষিত সাধারণ ছুটির আওতায় থাকবেন। দেশের সব তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।

এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ বছর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামও উন্মোচন করেছেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version