বাংলাদেশ পুলিশের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে শিক্ষানবিশ এএসপিদের নতুন কর্মস্থলের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, এসব কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা, মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি), গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও বরিশাল মহানগর পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কয়েকজনকে সহকারী পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ট্যুরিস্ট পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চে (এসআরবি) পদায়ন করা হয়েছে।
কিছু কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে টিআর পদে রেখে সাইবার পুলিশ ইউনিট ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর কর্মকর্তারা বদলি হওয়া কর্মস্থলে যোগ দেবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদ ও কর্মস্থলেই তাদের দায়িত্ব পালন করতে হবে।
কয়েকজনের পদায়ন
শিক্ষানবিশ এএসপি এম এম তারিক-উল্লাহ, রাইসুল ইসলাম, শাওন রেজা ও মো. আশিকুর রহমানকে ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। জামাল হোসেনকে বরিশাল মহানগর পুলিশে এবং তানভীর আহমেদ ও মোহাম্মদ মোতাইনুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া শাহেদুল ইসলাম ও আবু রায়হানকে ট্যুরিস্ট পুলিশ, মোকছেদুল মমিনকে সিআইডি, আশীষ কুমার বিশ্বাসকে এপিবিএন এবং রিয়াজ খানকে শিল্পাঞ্চল পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে।
