প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না, এ নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও চলতি সপ্তাহে তাঁর ভারত সফরের সম্ভাবনা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতকদের প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এ কে এম শহীদুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য নয়াদিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।
তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি—এই তিনটি বিষয় নিশ্চিত হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
