ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্র হয়ে এ অবরোধ কর্মসূচি শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং অবরোধ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে যান চলাচল ব্যাহত হয়।

দুই দিন পর একই দাবিতে আবারও সড়কে নেমেছেন শ্রমিকেরা। তাঁদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version