দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ২১৮ শিশুর মধ্যে। এ সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২২ শিশু।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।
কোন বিভাগে কতজনের উপসর্গ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে—৪২৩ জনের মধ্যে। এরপর চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১৩১, বরিশালে ১২৭, ময়মনসিংহে ১০৯, খুলনায় ৭৫, রংপুরে ৫৬ এবং রাজশাহীতে ১৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি প্রাদুর্ভাবে এক দিনে মৃত্যুর সংখ্যার বড় উল্লম্ফনও দেখা গেছে। গত ৪ ও ২৫ মে এক দিনে ১৭টি করে এবং ২৪ মে এক দিনে ১৬টি শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল অধিদপ্তর। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল।

