‘ভাড়া দিতে হবে শীর্ষ সন্ত্রাসী ইমনকে’—এমন হুমকির অভিযোগ

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় ও কেন্দ্রীয় গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে—এমন হুমকি দিয়ে শতাধিক ব্যক্তি এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, হেলমেট ও মুখোশ পরা শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা আশপাশের ভবনের নজরদারি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়াল টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে, একাধিক ল্যাপটপ ও কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের ডিভিআর যন্ত্রও খুলে নিয়ে যায় তারা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে বৈধ চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নিয়ে সেখানে প্রধান কার্যালয় ও কেন্দ্রীয় গুদাম স্থাপন করা হয়। চুক্তি অনুযায়ী নিয়মিত ভাড়াও পরিশোধ করা হচ্ছিল। তবে হামলাকারীরা দাবি করে, এখন থেকে ওই জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ওই কার্যালয় থেকে প্রতিদিন সারা দেশে পণ্য পরিবহনে প্রায় ৪০০টি গাড়ি চলাচল করত। হামলার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তথ্যে, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে একটি দল হামলা ও হুমকি দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version