নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে বাণিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার কয়েকজন তরুণ মিরপুর বাজারের একটি ইনডোর মাঠে ফুটবল খেলতে যান। খেলার একপর্যায়ে দুই এলাকার দুই তরুণের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মিরপুর বাজারে জড়ো হন। রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। অন্ধকারের মধ্যে ট্রাকের হেডলাইট ও টর্চের আলো ব্যবহার করে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। স্থানীয় অস্ত্র ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় একটি ট্রাকের ধাক্কায়ও একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষের সময় মিরপুর বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, খেলা নিয়ে বিরোধ মাঠেই শেষ হওয়া উচিত ছিল। এভাবে সংঘর্ষে জড়িয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version