২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারা দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়। চিঠিতে হজ নিবন্ধনের অর্থ সময়মতো জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরদিন থেকেই সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় নিবন্ধনপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনেও হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো সচল রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ওই দুই দিন ব্যাংকের নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমা দিতে কোনো হজযাত্রী বা তাঁর প্রতিনিধি উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে হজ নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হোক।
