হাসপাতাল ও চিকিৎসানির্ভর ব্যবস্থার পাশাপাশি রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমূলক করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এর দ্বিতীয় দিনের বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘Innovation in the Health Sector for All; Expanding Access to Affordable and Inclusive Healthcare’ শীর্ষক অধিবেশনে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। শুধু রোগ হলে চিকিৎসা দেওয়ার ওপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ও সচেতনতার দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ক্যানসার ও ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, গবেষক, ওষুধশিল্প এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক করতে সরকার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও গবেষণার সুযোগ বাড়াতে চলতি অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
