স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। আইন অনুযায়ী যেকোনো সাধারণ নাগরিক বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
তবে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, বর্তমান আইনে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান না।
এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে আইনগত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন বলেও জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
