স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির ধারাবাহিকতায় ৩০ অক্টোবর ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি।

১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা

রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলের কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

এ ছাড়া আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ

দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা নিয়োজিত থাকবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব আখতার হোসেন। এতে রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাতসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version