নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তাদের বাবা সারাফাত আলী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস থেকে শিশু তিনটির মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো—মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)। তারা তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রাজনিলাইন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে কোনো একসময় সারাফাত আলী তাঁর তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রতিবেশী ও স্বজনেরা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ওই হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

পরে সারাফাত আলীকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরুক আহমেদ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, সকালে তাঁরা চিকিৎসাকেন্দ্রে গিয়ে তিন শিশুসহ তাঁদের বাবাকে দেখতে পান। শিশুদের মৃত ঘোষণা করার পর সারাফাত আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

উত্তর বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক বলেন, তাঁরা তিন শিশুর বিষপানে মৃত্যুর খবর শুনেছেন। তবে কী কারণে সারাফাত আলী সন্তানদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাঁরা জানেন না। সারাফাত আলীর স্ত্রী বিদেশে থাকেন বলে জানান তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version