ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন নিতে আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার কথা রয়েছে তার।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত সমস্যার কারণে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি তিনি।
তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তার অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
একই সঙ্গে মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বুধবার জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।
মামলার অভিযোগ
২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে গিয়ে বাদীর সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হয়েছেন বলে মামলায় দাবি করেন নাসির উদ্দিন মাহমুদ।
