জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে পাঠানো এক চিঠিতে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী চাওয়া হয়েছে।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে ব্যাংকগুলোকে ওই তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও তাদের ব্যাংক চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। BFIU-এর একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপাচারবিরোধী সংস্থার এ ধরনের তথ্য চাওয়ার ঘটনা নিয়মিত কার্যক্রমের অংশ হতে পারে এবং শুধু তথ্য চাওয়া থেকেই কোনো ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া গেছে—এমনটা ধরে নেওয়া যায় না।
সালমান মুক্তাদির ‘SalmoN TheBrownFish’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। চ্যানেলটির প্রায় ১৭ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবের পাশাপাশি তিনি অভিনয়, সংগীত, বিজ্ঞাপন ও বাণিজ্যিক প্রযোজনার সঙ্গেও যুক্ত।
সম্প্রতি ঢাকার ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজ আবাসিক কমপ্লেক্সে থাকা ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায়ও আলোচনায় আসেন তিনি। ঘটনার পর এক ফেসবুক লাইভে সালমান কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে ঢাকা মহানগর পুলিশ তার ওই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ঘটনাটি জমি-সংক্রান্ত বিরোধ থেকে হয়েছে এবং সেখানে চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে তারা মনে করছে। পরে সালমানও জানান, তার কাছে সরাসরি কেউ টাকা দাবি করেনি।
ওই ঘটনায় পুলিশ মামলা করেছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে।
