বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ থেকে সালমান এফ রহমানকে বাদ দেওয়ার পর শেয়ারবাজারে কোম্পানি দুটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা দিয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
বুধবার বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি বাড়ে। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দাম আরও ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়ে যায়। ফলে দুই দিনে প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি বেড়েছে।
শাইনপুকুর সিরামিকসের শেয়ারেও একই ধরনের উত্থান দেখা গেছে। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯০ পয়সা বা সাড়ে ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় দাম আরও ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এতে দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে।
শুধু দাম বাড়েনি, লেনদেনেও শীর্ষ তালিকায় উঠে এসেছে কোম্পানি দুটি। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বেক্সিমকো লিমিটেড ছিল ডিএসইতে লেনদেনের শীর্ষে। এ সময় কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর শাইনপুকুর সিরামিকস ছিল লেনদেনের সপ্তম অবস্থানে; কোম্পানিটির প্রায় ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা তৈরি হয়েছে। এর ফলে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেই তিনি বাদ পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপ যে প্রতিকূলতার মুখে পড়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন। তার কারণে কোম্পানির ব্যবসা বা শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে পুনর্গঠিত পর্ষদে সালমান-ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন বলে জানা গেছে।
