টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের ক্যারিয়ারে সাফল্য এসেছে দীর্ঘ অপেক্ষার পর। একসময় এক ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তিনি। তবে ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার নতুন পরিচয় তুলে ধরেন এই অভিনেত্রী। এবার নিজের সাফল্য ও জনপ্রিয়তা ধরে রাখার পেছনের মূলমন্ত্র জানালেন তিনি।
‘কেলোর কীর্তি’, ‘গার্লফ্রেন্ড’, ‘তোমাকে চাই’ এবং ‘পারব না আমি ছাড়তে তোকে’–এর মতো সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারের শুরুর দিকে প্রত্যাশিত সাফল্য পাননি কৌশানি। তবে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ সিনেমায় ঝিমলি চরিত্রে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ হয়।
এরপর ‘রক্তবীজ ২’ এবং চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সাফল্য ও দীর্ঘ অপেক্ষার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কৌশানি। তাঁর মতে, জীবনে প্রতিষ্ঠিত হতে এবং জনপ্রিয়তা ধরে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য।
অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও নিজের পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে তাঁকে অনেক অপেক্ষা করতে হয়েছে। তবে কখনো হাল ছাড়েননি। শেষ পর্যন্ত স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন এবং নিজেকে প্রমাণ করতে পেরেছেন।
কৌশানির ভাষায়, জনপ্রিয়তা ধরে রাখার একমাত্র ওষুধ হলো ধৈর্য। জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে অপেক্ষা করতে জানতে হবে।
নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি পরিচালকের কাছে গিয়ে অডিশন দিতে হয়নি ঠিকই, কিন্তু নিজের কাঙ্ক্ষিত সুযোগের জন্য দীর্ঘ অপেক্ষাটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় সংগ্রাম।
এদিকে ব্যক্তিগত জীবনেও আলোচনায় রয়েছেন কৌশানি। অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তবে বিয়ের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। আপাতত অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

