নিজস্ব প্রতিবেদক, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপে আকবর হোসেন (৫৫) নামের এক দোকানিকে গুলি করার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিশপুর ইউনিয়নের তুলাতলি বাজারে তাঁর দোকানে এ হামলার ঘটনা ঘটে। এতে তাঁর ডান হাতের বাহুতে গুলি লাগে।

পুলিশ জানিয়েছে, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের দোকানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে।

জামায়াতের দাবি, চাঁদা না দেওয়ায় হামলা

এদিকে ঘটনাটি নিয়ে সোমবার সকালে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখা। দলটির দাবি, চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আকবর হোসেনের ওপর হামলা ও গুলি চালানো হয়েছে।

উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। তবে পুলিশ ও জামায়াতের বক্তব্যে হামলার কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

মামলা হয়নি

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, প্রাথমিকভাবে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের কারণেই হামলা ও গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হামলার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version