নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সাইটুলা এলাকার বাসিন্দা সিপেন কুর্মি (২৮) ও বিশ্বনাথ কুর্মি (২৬)।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ৬টা থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। গোলগাঁও, সিক্কা ও খড়িজ্জমা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের আওতায় ছিল উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়াও।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীমঙ্গল থানার একটি দল প্রশাসনকে সহযোগিতা করে।

প্রশাসন জানায়, অভিযানের খবর যাতে অবৈধ বালু উত্তোলনকারীরা আগে থেকে জানতে না পারে, সে জন্য একটি দল এর আগে সিএনজিচালিত অটোরিকশায় করে সংশ্লিষ্ট এলাকাগুলো পর্যবেক্ষণ করে।

পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় সিপেন কুর্মি ও বিশ্বনাথ কুর্মিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

তিনি জানান, গত তিন মাসে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

এর আগে মঙ্গলবার আশিদ্রোন ইউনিয়নের বিলাছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলনের প্রবণতা রয়েছে—এমন এলাকাগুলোতে নজরদারিও জোরদার করা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version