পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাউনিয়াবাঁধ ই ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল এবং বাউনিয়াবাঁধ এ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি বৃক্ষরোপণ করেন।
আমিনুল হক বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশের খালি জায়গায়ও সুযোগ পেলেই অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এভাবে সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আমাদের অক্সিজেন সরবরাহ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমানে গাছ লাগানোর গুরুত্ব আরও বেড়েছে। তাই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি।
প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্ধারিত ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, প্রত্যেকে একটু করে গাছ লাগালে সরকারের বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারাও অংশীদার হবে। নিজের বাড়ি, ছাদ বা খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শও দেন তিনি।
পরে শিক্ষার্থীদের হাতে-কলমে গাছ লাগানোর পদ্ধতি শেখান প্রতিমন্ত্রী। কর্মসূচিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
