নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০২৬

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, মানসম্মত ও আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে স্বাবলম্বী করতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের দুটি নতুন ভবন, অভিভাবক ছাউনি ও স্কুল ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথাও নতুন ভবন নির্মাণ, কোথাও পুরোনো ভবন সংস্কার ও আধুনিকায়ন, কম্পিউটার ল্যাব স্থাপন কিংবা খেলার মাঠের উন্নয়নের প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সহযোগিতা ও রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ভবিষ্যতে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠবে।

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরের সঠিক ইতিহাস জানার ওপরও গুরুত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার দায়িত্ব।

সমাজের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে আমিনুল হক বলেন, সমাজের একজন মানুষ ভালো থাকলেই হবে না, আশপাশের মানুষকেও ভালো রাখতে হবে। ভিন্নমত থাকলেও সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মো. আলম মেহেদী হোসেন। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version