কুমিল্লা প্রতিনিধি | ১১ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ এবং তাঁর মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার মামলায় মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে একটি বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান রিনথিকে ধর্ষণ করেন।

এ সময় তাঁর মা তাহমিনা বেগম ঘটনাটি দেখে প্রতিবাদ করলে মোবারক মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় নিহতের ভাই তাজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে ৯ সেপ্টেম্বর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন মোবারক হোসেন।

তদন্ত শেষে তাঁকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, আসামি মোবারক হোসেন মা ও মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক বিশ্লেষণ শেষে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version