বিনোদন ডেস্ক | ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশি আলোচিত ব্যক্তি আসাদ নূরের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তাঁর দীর্ঘদিনের পরিচিত বিয়াস বসু। তাঁদের বন্ধুত্ব, আবেগের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই নাগরিক। তিনি জানিয়েছেন, ২০২২ সালেই আসাদ নূরের সঙ্গে তাঁর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান বিয়াস বসু।

পোস্টে তিনি জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাঁদের দেখা হলেও ব্যক্তিগত কিছু কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। একই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ। বিমানবন্দর থেকে তিনি বিয়াসকে ফোন করেছিলেন। পরবর্তী সময়ে কারাগার থেকেও হাতে লেখা চিঠি পাঠান।

বিয়াসের ভাষ্য অনুযায়ী, মানবিক বিবেচনা থেকেই তিনি আসাদকে কারামুক্ত করতে বাংলাদেশে যাওয়ার উদ্যোগ নেন। মুক্তির কিছুদিন পর আবার গ্রেপ্তার হলে তাঁকে ছাড়ানোর চেষ্টা করতে পুনরায় বাংলাদেশে যান। এভাবে কয়েকবার বাংলাদেশে যাতায়াত করেন তিনি। একপর্যায়ে মুক্তি পেয়ে আসাদ কলকাতায় গেলেও নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও কারাগারে যেতে হয় তাঁকে।

বিয়াস জানান, তাঁদের ছয় বছরের পরিচয় ও বন্ধুত্বের সময়ের মধ্যে দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাভাইরাস মহামারির মধ্যে। এই দীর্ঘ সময়ে তাঁদের মধ্যে আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল। তবে আসাদের সঙ্গে কখনো বিয়ে কিংবা একসঙ্গে বসবাসের সম্পর্ক ছিল না বলে স্পষ্ট করেছেন তিনি।

নিজেদের সম্পর্কের ব্যাখ্যায় বিয়াস বলেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব ও আবেগের সম্পৃক্ততা ছিল। একপর্যায়ে আসাদের প্রতি তাঁর নির্ভরশীলতাও তৈরি হয়েছিল। তবে ব্যক্তিগত বিষয়ে মতপার্থক্যের কারণে ২০২২ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বন্ধের আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অতীত সম্পর্ক নিয়ে বারবার আলোচনা হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন বিয়াস। তাঁর মতে, মানুষের জীবনে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া এবং একসময় তা শেষ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু এসব ব্যক্তিগত বিষয় নিয়ে বছরের পর বছর আলোচনা চালিয়ে যাওয়া অপ্রয়োজনীয়।

তিনি বলেন, ২০২৬ সালে এসে ২০২০ সালে তাঁর সঙ্গে কার সম্পর্ক ছিল, কেন সেই সম্পর্ক শেষ হয়েছে কিংবা কেউ বর্তমান না সাবেক—এসব বিষয় নিয়ে অযথা আলোচনা বন্ধ হওয়া উচিত।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে তাঁকে বিব্রত না করার অনুরোধ জানিয়ে বিয়াস বলেন, তিনি নিজের জীবনে ভালো আছেন এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। মানুষের চেয়ে প্রাণীদের প্রতি তাঁর আগ্রহ ও গুরুত্ব বরাবরই বেশি।

পোস্টের শেষাংশে আসাদ নূরের জন্য শুভকামনাও জানিয়েছেন বিয়াস। তাঁর জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version