নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শাহবাগ, হাজারীবাগ ও মৌচাক এলাকায় শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহবাগে তিন নেতার মাজারের কাছে এবং হাজারীবাগের একটি ফলের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাগুলোর তদন্ত চলছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে মোট ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কাফরুল থানার সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়া হয়। একই রাতে যাত্রাবাড়ী মোড়ে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামের এক অটোরিকশাচালক আহত হন।
মালিবাগে সোহাগ বাস কাউন্টারের সামনে, আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে, মহাখালী, বাবুবাজার ব্রিজের নিচে, মগবাজার মোড়, যাত্রাবাড়ী থানা ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে, রামপুরার বিটিভি ভবনের সামনে এবং নিউ মার্কেট এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পর নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশি টহল ও নজরদারিও বাড়ানো হয়েছে।
এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও এখন পর্যন্ত ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
