সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা এবং দলে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও পাঁচটি দানবাক্সের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে বিএনপির সদস্য হওয়ার জন্য এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ এবং কর্মী হওয়ার জন্য এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫০ পাওয়ার শর্ত চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কোনো কিশোরকে রাজনৈতিক দলে যুক্ত করা উচিত নয়। লেখক রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনার প্রত্যাশা জানিয়ে চিঠির শেষে ইংরেজিতে লিখেছেন, ‘I want the change to come through you’। এর বাংলা অর্থ, ‘আমি চাই, আপনার মাধ্যমেই পরিবর্তন আসুক।’

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে রাজনীতিতে যুক্ত হওয়ার প্রস্তাব

চিঠিতে রাজনৈতিক দলের কর্মী ও সদস্য হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। লেখকের মতে, এ ধরনের শর্ত চালু হলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনার সুযোগ তৈরি হতে পারে।

তবে চিঠিটি কে লিখেছেন, তা জানা যায়নি। এতে লেখকের নাম বা পরিচয় উল্লেখ করা হয়নি। ফলে প্রস্তাবগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আনুষ্ঠানিক রাজনৈতিক অবস্থান কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

দানবাক্সে প্রায় ৮৮ লাখ টাকা, স্বর্ণ-রুপাও উদ্ধার

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে দানবাক্স ও ডেগের অর্থ গণনা শুরু হয়। গণনা শেষে নগদ প্রায় ৮৮ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া যায়। এ ছাড়া এক ভরির বেশি স্বর্ণ, তিন ভরির বেশি রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

গণনার সময় চিঠিটি ছাড়াও বিভিন্ন দাবি-দাওয়া, ব্যক্তিগত সমস্যা ও অন্যান্য আবেদনসংবলিত চিঠি পাওয়া যায়।

মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুযায়ী, মোট অর্থের ৩৫ শতাংশ উন্নয়নকাজের জন্য ব্যাংক হিসাবে রাখা হবে। অবশিষ্ট ৬৫ শতাংশ মাজারের দৈনন্দিন ব্যয় ও কর্মচারীদের বেতন-ভাতার পেছনে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version