কিশোরগঞ্জ প্রতিনিধি 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে তাঁর কাছে আসার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় জায়গায় তিনি ফোন করে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফজলুর রহমান বলেন, অনেক তরুণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভায় সুযোগ না পাওয়ায় চাকরি পাননি। তাই লিখিত পরীক্ষায় পাস করার পর অ্যাডমিট কার্ড তাঁর কাছে নিয়ে আসতে বলেন তিনি। এরপর যেখানে যোগাযোগ করা প্রয়োজন, সেখানে ফোন করে সহযোগিতার কথা জানান।

তবে চাকরির তদবিরের নামে অর্থ লেনদেন না করার বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর কাছে চাকরির জন্য তদবির করতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাঁকে টাকা দিলে বিষয়টি জানতে পারলে তা মেনে নেবেন না বলে জানান। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার আহ্বানও জানান তিনি।

জনসভায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার আশ্বাসও দেন ফজলুর রহমান। অর্থের অভাবে কোনো পরিবারের সদস্য চিকিৎসা করাতে না পারলে বিষয়টি জানালে প্রয়োজন অনুযায়ী ঢাকা বা কিশোরগঞ্জে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version