রাজধানীর পুরান ঢাকার লালবাগে নিজ ভাড়া বাসা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার-৩ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে।
লালবাগ থানা সূত্রে জানা যায়, পাশের কক্ষের এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে লালবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন জজ আদালতের আইনজীবী ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন না। ওই বাসায় তিনি একাই একটি কক্ষে থাকতেন। তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকে আক্রান্ত হয়ে দুই দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ইতিমধ্যে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
