জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেওয়ার প্রশ্ন নেই, তবে কর্মসূচি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান গোলাম পরওয়ার।

তিনি বলেন, লংমার্চের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আইজিপির সঙ্গে দেখা করা হয়নি। কর্মসূচি কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, সে বিষয়ে পুলিশকে অবহিত করতেই তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

গোলাম পরওয়ার জানান, পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।

১১ দলীয় জোট দেশের চারটি রুটে লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। কোথা থেকে কর্মসূচি শুরু হবে, কোথায় শেষ হবে এবং পথসভাগুলোর স্থান—এসব তথ্য পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চের প্রধান দাবি গণভোট বাস্তবায়ন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যসংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন জনদুর্ভোগের সমাধানের দাবিও রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version