যুক্তরাষ্ট্রে এবার দেখা মিলেছে এক অভিনব চাকরির। পোষা কুকুর নয়, রাস্তায় হাঁটাতে হবে চার পায়ের রোবট কুকুর। এ কাজের জন্য ঘণ্টাপ্রতি ২০ ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ২ হাজার ৪৮০ টাকা) পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান ডাইমেনশনাল।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি ‘রোবট ডগ অপারেটর’ পদে কর্মী খুঁজছে। কর্মীদের নির্ধারিত পথে শহরের রাস্তায় রোবট কুকুর নিয়ে হাঁটতে হবে। প্রতিদিন চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ রয়েছে।
প্রযুক্তি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। কাজের জন্য প্রয়োজন হবে একটি স্মার্টফোন। পাশাপাশি রোবট পরিচালনা ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণও দেওয়া হবে। প্রশিক্ষণের সময়ের জন্যও পারিশ্রমিক দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিটি শিফট শেষে কর্মীদের পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থাও রয়েছে।
তবে কাজটি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। রাস্তায় চলার সময় রোবটটি হঠাৎ বন্ধ হয়ে গেলে বা অতিরিক্ত গরম হয়ে গেলে সেটিকে হাতে করে অফিসে ফিরিয়ে নিতে হতে পারে। কারণ, রোবটটির ওজন প্রায় ১৫ কেজি।
প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে সান ফ্রান্সিসকো এলাকার একটি ফেসবুক চাকরির গ্রুপে প্রকাশ করা হয়। পরে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসে।
কেন রোবট কুকুর হাঁটানোর জন্য মানুষ প্রয়োজন?
ডাইমেনশনাল মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত রোবট পরিচালনার জন্য একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করছে। তাদের লক্ষ্য, ভবিষ্যতে রোবটের মাধ্যমে ভারী মালামাল বহন, নির্মাণকাজসহ বিভিন্ন শারীরিক পরিশ্রমের কাজ করানো।
তবে বাস্তব পরিবেশে রোবট পরিচালনার ক্ষেত্রে এখনো এআই প্রযুক্তির বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে শহরের ব্যস্ত রাস্তা, পথচারী, যানবাহন ও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে রোবটকে স্বাভাবিকভাবে চলাচল করানো কঠিন।
এ কারণে বাস্তব পরিবেশে রোবটগুলোকে হাঁটানোর সময় মানুষের সহায়তা নেওয়া হচ্ছে। এ সময় রোবটের ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিশ্লেষণ করে রোবটের চলাচল ও এআই প্রযুক্তির সক্ষমতা উন্নত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
সংগৃহীত তথ্য ভবিষ্যতে কারখানা, ডেটা সেন্টার, নির্মাণকাজ ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে রোবট ব্যবহারের পথ সহজ করতে পারে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে চাকরির বাজারেও যে নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই রোবট কুকুর হাঁটানোর চাকরি তারই একটি ব্যতিক্রমী উদাহরণ।
