নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেফতার অমিমুল হাসান সাদ পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১১-এর তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগ। কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
পরে ওই কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
