আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি।
হুতিদের দাবি, রিয়াদের পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।
তবে রিয়াদের ঠিক কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি হুতিরা। তাদের হামলার সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে বিশ, তায়িফ, ফারাসান ও ইয়ানবু এলাকায় হুতিদের হামলার চেষ্টাও প্রতিহত করার দাবি করেছে তারা।
সৌদি সিভিল ডিফেন্স রিয়াদ ও আশপাশের এলাকায় কয়েক দফা সতর্কতা জারি করে পরে ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রিয়াদ বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার দৃশ্যও দেখা গেছে।
সৌদি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদের ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনা বেড়েছে। রিয়াদকে লক্ষ্য করে হামলার এ দাবি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়েছে।
