লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ঢেলে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আগুন ছড়িয়ে আশপাশের আরও ১০টি ঘর পুড়ে গেছে। এতে মোট ১১টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশরাফ ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত। অভিযোগ রয়েছে, তিনি নিজের ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের একের পর এক বসতঘরে আগুন ধরে যায়।

আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা কৃষক ছিদ্দিক উল্লাহ বলেন, আগুনে তাঁর পুরো ঘর পুড়ে গেছে। ঘর থেকে চাল, কাপড়সহ কোনো প্রয়োজনীয় জিনিস বের করে আনতে পারেননি তিনি।

আরেক ক্ষতিগ্রস্ত বাসিন্দা আহসান উল্লাহ জানান, পরনের কাপড় ছাড়া ঘর থেকে কোনো কিছু বের করতে পারেননি। নগদ টাকা, আসবাবপত্র ও কাপড়সহ সবকিছু আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকবেন, তা নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।

খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম শাহজালাল কিসমত বলেন, সোহেল নিয়মিত মাদক সেবন করতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রথমে নিজের ঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনের তৈরি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডে মোট ১১টি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের মারধরের পর সোহেলকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version