রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাঁকে সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলায় স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা ও অন্যান্য সামগ্রীও নিয়ে যায়।
স্বাস্থ্যকেন্দ্রটির পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাস্থলটি শাহ আলী থানার কাছাকাছি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্তের কথা জানান। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। মামলায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মিয়াসহ আরও কয়েক শ ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া সামগ্রীর দুটি ট্রাকভর্তি মালামালও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষকে মাতৃ ও শিশুসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে এর কার্যক্রম শুরু হয়।
হামলার নেপথ্যে কারা ছিল, কারা নির্দেশ দিয়েছে এবং ঘটনায় কারও দায়িত্বে অবহেলা বা অন্য কোনো সংশ্লিষ্টতা ছিল কি না—এসব বিষয়ে তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
