চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান ওই গ্রামের হাফেজ বজলুর রহমান বাড়ির নূর আহমেদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় ৯ মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী মোজাম্মেল হকের সঙ্গে আবদুল মান্নানের বিরোধ হয়। এরপর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাজারে পুরোনো বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে স্থানীয়রা তাঁদের শান্ত করেন।

পরে এশার নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে আবদুল মান্নানকে ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ ওঠে।

আবদুল মান্নানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় তিনি স্থানীয়দের জানান, রাতের আঁধারে ওত পেতে থাকা মোজাম্মেল হক তাঁকে কুপিয়ে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে প্রথমে রাউজানের পাহাড়তলীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হক পলাতক রয়েছেন। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version