দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘদিন বন্দি রাখা ঐতিহাসিক রবেন আইল্যান্ড কারাগার পরিদর্শন করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত ঐতিহাসিক রবেন আইল্যান্ড পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ পরিদর্শনের আয়োজন করা হয়।
রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিবিজড়িত স্থান। দেশটিতে বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক বন্দিদের এই দ্বীপের কারাগারে আটক রাখা হতো। নেলসন ম্যান্ডেলা তাঁর জীবনের ১৮ বছর এই কারাগারে বন্দি ছিলেন।
দীর্ঘদিনের কারাবাস ও নির্যাতনের পরও বর্ণবাদবিরোধী আন্দোলনে ম্যান্ডেলার অবিচল অবস্থান তাঁকে বিশ্বজুড়ে স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতীকে পরিণত করেছে।
বর্তমানে রবেন আইল্যান্ড দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পরিচিত। ঐতিহাসিক এই স্থান পরিদর্শনের মধ্য দিয়ে ড. ইউনূস দেশটির স্বাধীনতাসংগ্রাম এবং মানবাধিকারের জন্য আত্মত্যাগের স্মৃতিবিজড়িত একটি স্থানের সঙ্গে পরিচিত হন।

