মাত্র ১৫ বছর বয়সেই বড় দায়িত্ব পেলেন ভারতের উঠতি ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহার দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এবারই প্রথম পূর্ণাঙ্গভাবে কোনো দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।
শুক্রবার (৬ নভেম্বর) বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির সভায় সূর্যবংশীকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিভিন্ন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম নিয়মিত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।
এর আগে দুলিপ ট্রফির ফাইনালে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ মাঠের বাইরে চলে গেলে কিছু সময়ের জন্য ইস্ট জোনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্যবংশী। এ ছাড়া রঞ্জি ট্রফিতে বিহার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
তরুণ বয়সে এমন বড় দায়িত্ব পাওয়ায় সূর্যবংশীকে শুভকামনা জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই দায়িত্বকে তরুণ ক্রিকেটারের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করে শুভকামনা জানান।
এদিকে সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল গঠনের আগে ক্রিকেটারদের ট্রায়াল নেওয়ার পরিকল্পনা করেছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ট্রায়ালে পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের আগের রেকর্ডও বিবেচনায় নেওয়া হবে।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন সূর্যবংশী। দুই ম্যাচে খেলার সুযোগ পেয়ে তিনি করেন ৪ ও ৪৫ রান। সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে তার ১১৮ রানের উদ্বোধনী জুটি পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় আসে।
এখন পর্যন্ত ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্যে সাতটি ম্যাচ খেলেছেন বিহারের হয়ে। গত আসরের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের বিপক্ষে মাত্র ৬১ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
তবে চলতি ঘরোয়া মৌসুমে বিহারের শুরুটা ভালো হয়নি। রঞ্জি ট্রফির প্রথম পর্বে চারটি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটি। এবার সূর্যবংশীর নেতৃত্বে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে বিহার।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফির অভিযান শুরু করবে বিহার। অধিনায়ক হিসেবে প্রথম বড় পরীক্ষায় সূর্যবংশী কেমন করেন, এখন সেটিই দেখার বিষয়।

