স্পোর্টস ডেস্ক
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনাসের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের সঙ্গে মেসির একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনের এক সূত্র জানিয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) যাচাই ও অনুমোদনের পরই এটি কার্যকর হবে।
চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির দ্বিতীয় ক্লাব মালিকানার ঘটনা। চলতি বছরের শুরুতে তিনি পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়াও কিনেছেন। তবে কর্নেয়া এখনো সেমিপেশাদার ক্লাব। ফলে এলদেনাস হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।
মেসি উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেরও অন্যতম মালিক। সেখানে তাঁর সঙ্গে সহ-মালিক হিসেবে রয়েছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ।
এলদেনাস ও কর্নেয়া বর্তমানে আলাদা লিগে খেলছে এবং তাদের মধ্যে তিন ধাপের ব্যবধান রয়েছে। ফলে আপাতত মালিকানা নিয়ে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে মেসি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ মালিক হলে তারা একই লিগে খেলতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একই লিগে একই মালিকের দুটি ক্লাবের অংশগ্রহণ অনুমোদন নাও করতে পারে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনাস দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবার দ্বিতীয় বিভাগে উঠলেও ২০২৫ সালে তারা অবনমিত হয়। চলতি গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে ক্লাবটি।
চলতি মৌসুমে চার ম্যাচ খেলেও এখনো জয় পায়নি এলদেনাস। এ ব্যর্থতার জেরে চলতি সপ্তাহের শুরুতে কোচ ক্লদিও বাররাগানকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে ক্লাবটি কোচবিহীন রয়েছে।
এলদেনাসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়াম। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬।
