বিনোদন ডেস্ক
মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে নতুন হরর সিনেমা ‘Resident Evil’। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রিভিউ স্ক্রিনিং থেকে আয় করেছে ৮ দশমিক ৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা।
এটি ‘Resident Evil’ ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়। একই সঙ্গে সিনেমাটি পরিচালক জ্যাক ক্রিগারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের সম্ভাবনা তৈরি করেছে।
‘Weapons’ সিনেমার সাফল্যের পর নতুন ‘Resident Evil’ পরিচালনা করেছেন জ্যাক ক্রিগার। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া পাওয়া গেলে আয় ৬০ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রায় ৭৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি সফল হলে এটি ক্রিগারের টানা দ্বিতীয় বড় সাফল্য হবে। এর আগে তাঁর পরিচালিত ‘Weapons’ সিনেমাটি প্রিভিউ থেকে ৫ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ২৭০ মিলিয়ন ডলার ব্যবসা করেছিল।
১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করা ‘Resident Evil’ পরে চলচ্চিত্র ও টেলিভিশনে রূপ নেয়। ২০০০ ও ২০১০-এর দশকে মিলা জোভোভিচ অভিনীত আটটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায় ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন সিনেমায় ‘Weapons’ তারকা অস্টিন অ্যাব্রামস ব্রায়ান চরিত্রে অভিনয় করেছেন। গল্পে রহস্যময় একটি প্যাকেট পৌঁছে দিতে গিয়ে তিনি এমন একটি শহরে প্রবেশ করেন, যেখানে ভয়াবহ প্রাণঘাতী জোম্বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর শুরু হয় বেঁচে থাকার লড়াই।
সিনেমাটি মুক্তির পর চলতি সপ্তাহান্তের বক্স অফিসে শীর্ষস্থান দখলের সম্ভাবনা তৈরি করেছে।
