নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মিরপুর-১১-এর ব্লক-বি, রোড-৪ এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে নারী ও পুরুষের জন্য পৃথক লাশ গোসলের ঘর নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাদাকাত খান ফাক্কু ও তাঁর ছেলে ইমরানের লোকজন নির্মাণকাজে বাধা দেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। হামলা, মারধর ও গুলির অভিযোগও করেছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, জায়গাটি দীর্ঘদিন ময়লার ভাগাড় হিসেবে পড়ে ছিল। পরে এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে জায়গাটি পরিষ্কার করে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যাম্প এলাকায় জায়গার সংকট থাকায় মৃত ব্যক্তিদের শেষ গোসল করানোর জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজন দীর্ঘদিনের ছিল বলে জানান তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, ওই স্থানে ইতোমধ্যে দুটি পানির পাম্প রয়েছে। তাই নতুন করে পানির পাম্প স্থাপনের প্রয়োজন নেই। তাঁদের দাবি, জায়গাটি জনস্বার্থে ব্যবহার করে নারী ও পুরুষের জন্য পৃথক লাশ গোসলের ঘর নির্মাণ করা হচ্ছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, ২৯ আগস্ট লাশ গোসলের ঘর নির্মাণের কাজ চলাকালে ফাক্কুর লোকজন সেখানে গিয়ে বাধা দেয়। এ সময় কয়েকজনকে মারধর এবং গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর আরও অভিযোগ, ফাক্কুর ছেলে ইমরান স্থানীয় ছাত্রদলের সভাপতি সোহেলের (চাপতানি সোহেল) সঙ্গে সম্পৃক্ত। তাঁদের দাবি, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের প্রভাব কাজে লাগিয়ে নির্মাণকাজ বন্ধের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, হামলা ও ভয়ভীতির কারণে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তাঁরা ঘটনার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জনকল্যাণমূলক লাশ গোসলের ঘর নির্মাণের কাজ নির্বিঘ্নে শেষ করার দাবি জানিয়েছেন।
