রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী আদেশটিতে সই করেন।

আদেশে বলা হয়েছে, পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরের কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে ওই আদেশে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা বা পুলিশের কোনো ধরনের গাফিলতির কথা উল্লেখ করা হয়নি।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১ এলাকার ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এ সময় মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য সামগ্রী লুট করা হয়।

পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একটি ইটের ভবন ও তিনটি সেমিপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’ নামের দুটি সাইনবোর্ড ও দুটি ব্যানারও টাঙানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, হামলা ও ভাঙচুরের বিষয়ে পুলিশকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও কেন্দ্রটি রক্ষা করা সম্ভব হয়নি।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ শাহ আলী থানার এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে চারজন এবং শনিবার সন্ধ্যায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ ঘটনাস্থলে সময়মতো পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে ডিএমপির দারুসসালাম বিভাগের অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

এর একদিন পরই শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।

১৯৭৪ সালে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টরের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি টিকাদান, শিশুসেবা, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version