রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। তাঁর বর্তমান ঠিকানা ওই এলাকার ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ি। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

পুলিশের দাবি, মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে রাজিব ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টের সূত্র ধরে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা।

সকাল ৮টার দিকে মিরপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এরই মধ্যে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাসকে আটক করল পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version