নেত্রকোনায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন কৃতী শিক্ষার্থীরা। কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, আবার কেউ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল সকাল পৌঁছেছেন অনুষ্ঠানস্থলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টা থেকেই নিবন্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বন্ধুদের সঙ্গে দেখা, ছবি তোলা ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন পরিণত হয় উৎসবের আমেজে।

বারহাট্টা উপজেলার কাশবন গ্রাম থেকে মায়ের সঙ্গে অনুষ্ঠানে আসেন কাশবন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রাচুর্য দেবনাথ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রাচুর্য জানান, অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য আগের রাতেও তার ঘুম হচ্ছিল না। সকালে মায়ের সঙ্গে অনেকটা পথ হেঁটে পরে ইজিবাইকে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান তারা।

প্রাচুর্যের মতো নেত্রকোনার বিভিন্ন প্রত্যন্ত এলাকার বহু কৃতী শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। কলমাকান্দার গুতুরা এলাকার মিম আক্তার, আটপাড়ার তাপলিগাতির সাইমা ইসলাম, মদনের ঝাউলার দুর্জয় চন্দ্র সেন, পূর্বধলার বালুচরার ফারজানা আক্তার ঐশী এবং বারহাট্টার দত্তগ্রামের অপর্ণা রানি সরকারসহ অনেক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে দেশের ৬৪ জেলায় এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করছে প্রথম আলো।

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মোস্তফা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে এবং জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি সততা, দক্ষতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থনির্ভরতার বিরুদ্ধে থাকার শপথ করান।

অনুষ্ঠানে নেত্রকোনা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. শামসুল ইসলাম নিজের সংগ্রামের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও নানা বাধা পেরিয়ে তিনি শিক্ষা ক্যাডারে ৩৬তম বিসিএসে বিভাগীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করেন।

এ ছাড়া প্রথম আলোর সংস্কৃতি কার্যক্রমের প্রধান কবির বকুল শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করেন। প্রথম আলোর প্রধান ডিজিটাল বিজনেস কর্মকর্তা জাভেদ সুলতান প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।

গান, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version