সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সৌদি আরবে ২৪ বছর বয়সি শ্রীলঙ্কান যুবক অনুজান শিবারাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ক্ষমার আবেদন জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুনে শ্রীলঙ্কায় একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম ও হিন্দুদের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে অনুজান মহানবী (সা.)-কে নিয়ে একটি অসম্মানজনক মন্তব্য করেন। পরে তিনি মন্তব্যটি মুছে দিয়ে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করেন। তবে এরই মধ্যে ওই মন্তব্যের স্ক্রিনশট সৌদি আরবে তার কর্মস্থলে পৌঁছে যায়। এরপর গত জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সৌদির আল-আহসা ক্রিমিনাল কোর্ট প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করে। পরে রাষ্ট্রপক্ষের আপিলের পর মামলাটি শরিয়া আইনের আওতায় নেওয়া হয় এবং তার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
গত সেপ্টেম্বর থেকে পরিবারের সঙ্গে অনুজানের যোগাযোগ বন্ধ রয়েছে। সৌদি আরবে এ ধরনের সাজা কার্যকরের বিষয়ে সাধারণত আগাম নির্দিষ্ট ঘোষণা দেওয়া হয় না।
এদিকে অনুজানের পরিবার ও শ্রীলঙ্কা সরকার সাধারণ ক্ষমার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াক ও দেশটির বিভিন্ন ধর্মীয় নেতারাও এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। একটি আইনি দল সৌদি আইনজীবীদের সঙ্গে আলোচনার জন্য দেশটিতে গেছে।
সূত্র: বিবিসি
