ময়মনসিংহ, ২৩ আগস্ট ২০২৬: ময়মনসিংহ নগরে পশুচিকিৎসকের চেম্বারে ঢুকে মারধরের ঘটনায় আরফিন রশিদ (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাঁকে আদালতে তোলার কথা রয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় নগরের জিলা স্কুলের পাশের একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামের চেম্বারে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেটিকে মামলা হিসেবে নেয়।

মামলায় আরফিন রশিদকে দুই নম্বর আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে। ঘটনার পর তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। মামলায় আরও তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চিকিৎসকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা চেম্বারে ঢুকে টাকা দেওয়ার জন্য চাপ দেন। চিকিৎসক এতে আপত্তি জানালে তাঁকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রড দিয়ে তাঁকে পেটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর কর্মী ঈশান আহমেদকেও মারধর করা হয়। পাশাপাশি চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও জোর করে চেম্বার থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীসহ কয়েকজনকে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করতে দেখা যায়। একপর্যায়ে ওই নারী জুতা খুলে চিকিৎসককে মারধর করেন। পরে তালহাজুর রহমানকেও চিকিৎসককে কিল-ঘুষি মারতে দেখা যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version