দৈনিক রিপোর্ট ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-আশাশুনি) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। তাঁর দাবি, ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

গাজী নজরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে নিয়ে মংলাবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে জিম্মি করেন এবং এক লাখ টাকা আদায় করেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, তাঁর ব্যবহৃত গাড়ি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহসহ কয়েকজনকে দায়ী করেছেন তিনি।

গাজী নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর প্রতিহিংসাবশত তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিওকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তাঁর প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম বেগমকে বিয়ে করেছেন। ফলে ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গাজী নজরুল ইসলাম।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি দৈনিক রিপোর্ট।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version