ব্রিটেনের স্যাটেলাইটকে শত্রুর হামলা ও হস্তক্ষেপ থেকে সুরক্ষা দিতে নতুন সামরিক মহাকাশ স্কোয়াড্রন গঠন করেছে রয়্যাল এয়ার ফোর্স (RAF)। বুধবার (২৩ সেপ্টেম্বর) No. III Space Effects Squadron নামে নতুন এই ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (MoD) তথ্য অনুযায়ী, মহাকাশে যুক্তরাজ্যের স্বার্থের বিরুদ্ধে সম্ভাব্য বৈরী তৎপরতা শনাক্ত ও মোকাবিলায় এটিই দেশটির প্রথম বিশেষায়িত ইউনিট। স্কোয়াড্রনটি ইলেকট্রনিক যুদ্ধসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের কার্যক্রম ব্যাহত, দুর্বল ও প্রতিহত করার কাজ করবে।
নতুন ইউনিটটি যোগাযোগ, নেভিগেশন এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে ব্যবহৃত ব্রিটিশ স্যাটেলাইটগুলো সুরক্ষায় ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—দুই ধরনের মহাকাশ সামরিক কার্যক্রমে সহায়তা করবে।
এর আগে ২০২৩ সালে ব্রিটেন মহাকাশে হুমকি পর্যবেক্ষণ ও সতর্কবার্তা দেওয়ার জন্য দুটি বিশেষ স্কোয়াড্রন চালু করেছিল। নতুন No. III Space Effects Squadron সেই ব্যবস্থার পরবর্তী ধাপ হিসেবে হুমকির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরি করবে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহাকাশভিত্তিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে মহাকাশভিত্তিক গোয়েন্দা, নজরদারি ও স্পেস-কন্ট্রোল কার্যক্রমে ৮৮০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ব্রিটেন ধ্বংসাত্মক অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে।
ব্রিটিশ কর্মকর্তাদের ভাষ্য, মহাকাশ এখন সামরিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে। তাই সম্ভাব্য সাইবার, ইলেকট্রনিক ও স্যাটেলাইট-বিরোধী হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
