চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং পিকআপে থাকা বিপুল পরিমাণ সিগারেট লুটের অভিযোগে করা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ৭-এর যৌথ দল।

বুধবার (৭ অক্টোবর) রাতে এসআরবি-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকার এসএ পরিবহণ অফিস থেকে ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর ব্যবসায়িক অংশীদারদের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট একটি পিকআপে করে রিয়াজউদ্দিন বাজারে নেওয়া হচ্ছিল। পথে লাভলেইন মোড়ের অ্যাপোলো-১১ পেট্রল পাম্পের কাছে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি পিকআপটির গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, তারা পিকআপচালক মো. আনোয়ার হোসেনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে চালক ও হেলপারকে হত্যার হুমকি দেওয়া হয়। চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়।

চালককে বাধা দিতে গিয়ে হেলপার মো. জাহিদও মারধরের শিকার হন। পরে চাঁদার টাকা না পেয়ে পিকআপে থাকা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট অন্য একটি অজ্ঞাত গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

স্থানীয়রা পরে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ব্যবসায়ী আমিনুল ইসলাম ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৭-এর সিপিএসসি, চট্টগ্রামের যৌথ দল অভিযান চালায়।

অভিযানে ৬ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের তিতাস গ্যাস ফিল্ডের সামনে পাকা সড়ক থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ জানিয়েছে, গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version