নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ জাতীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ১ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উদ্‌যাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে।

নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওপর।

শিক্ষকদের সম্মান জানানোই মূল লক্ষ্য

নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস পালনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনেসকো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি পালন, সমাজের বিভিন্ন স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষকদের সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানো।

কোন স্তরে কতজন শিক্ষক সম্মাননা পাবেন

নীতিমালা অনুযায়ী মোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসা শিক্ষায় ৫ জন।

মাধ্যমিক পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষায় ১০ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসা শিক্ষায় ৫ জন।

কলেজ পর্যায়ে সম্মাননা পাবেন ২৫ জন। এর মধ্যে সাধারণ শিক্ষায় ১৫ জন, কারিগরি শিক্ষায় ৫ জন এবং মাদ্রাসা শিক্ষায় ৫ জন।

সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননা পাবেন ২০ জন শিক্ষক। তাঁদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক থাকবেন।

এ ছাড়া বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। তাঁদের মধ্যে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন থাকবেন।

এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৫ জন শিক্ষক এই সম্মাননা পাবেন।

যেভাবে শিক্ষক নির্বাচন হবে

নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক বাছাইয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি শ্রেণির জন্য তিনজন করে শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে একটি কমিটি প্রতিটি শ্রেণিতে তিনজন করে শিক্ষকের প্যানেল তৈরি করবে। পরে তা চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে।

বিশেষ পরিস্থিতিতে সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তনের ক্ষমতা জাতীয় স্টিয়ারিং কমিটির হাতে থাকবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version